শরীয়তপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা
শরীয়তপুরের জাজিরায় ‘জমি নিয়ে বিরোধে’ এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তারা ওই বৃদ্ধের স্ত্রীকে কুপিয়ে আহতও করেছে।
মঙ্গলবার রাতে উপজেলার লাউখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক মাঝি (৭০) ওই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী উজালা বেগমকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের আত্মীয় শাহজাহান পেদা ও জালাল মোল্যা বলেন, লাউখোলা গ্রামের আ. খালেক মাঝির সঙ্গে প্রতিবেশী সোনামিয়া মাঝি, কালাচান মাঝি, ঠান্ডু মাঝি ও জাহাঙ্গীর মাঝির দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা খালেক মাঝিকে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে তারই ঘরের পাশে কড়াই গাছের সাথে ঝুলিয়ে রাখে। এরপর তার স্ত্রী উজালা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। উজালার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।
উজালা বেগম বলেন, "জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোনামিয়া মাঝি, কালাচান মাঝি ও তাদের লোকজন পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তারা আমাকেও হত্যা করার জন্য চেষ্টা করেছে।"
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, জমিজমা বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের আত্মীয় স্বজনেরা দাবি করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জাজিরা থানায় মামলার হয়েছে বলে জানান তিনি।
