২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল দাবি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবি ও প্রস্তাবিত পে-স্কেলে সিলেকশেন গ্রেড বাতিলের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার দুপুর নিজেদের ক্যাম্পাসে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মেহেদী হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রক্টর মো. আইনুল হক।

বক্তারা বলেন, “৮ম পে-কমিশনের প্রস্তাবিত পে-স্কেলে বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সিলেকশেন গ্রেড বাতিলের ফলে তাদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তারা বলেন, পার্শবর্তী দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন শুরু হয় দেড় লাখ টাকা থেকে, আর বাংলাদেশে মাত্র ১১ হাজার টাকা।

বেতন বৈষম্য দূরীকরণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুগোপযোগী বেতন কাঠামো ঠিক করার জন্য তারা স্বতন্ত্র পে-স্কেলের দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আহসান উল্লাহ, নওয়াব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট বদরুন্নাহার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধনে প্রগতিশীল শিক্ষকদের অপর এক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ একাত্মতা ও সমর্থন দিয়ে অংশগ্রহণ করে।