গাজীপুরে মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার শতাধিক
গাজীপুরে জেলার বিভিন্ন স্থানে ছয় দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ও ১২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত বিশেষ এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শক মোমিনুল বলেন, অভিযানে ৬৭ হাজার ২৪৩ লিটার দেশি মদ, ১৩ কেজি গাঁজা, ৮৮৩টি ইয়াবা ট্যাবলেট, ৬১৯ বোতল ফেনসিডিল, ৬৭৭ ক্যান বিয়ার ও ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এছাড়া মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ১২৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু মাদক নয়, আবাসিক হোটেলে অসামাজিক কাজকর্মের বিরুদ্ধেও অভিযান অব্যহত রয়েছে এবং থাকবে।
