‘স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখতে জেলা-উপজেলায় কমিটি হবে’
স্বাধীনতাবিরোধী শক্তির ‘ষড়যন্ত্র ও অপপ্রচার’ রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ‘জাতীয় নাগরিক কমিটি’র আহ্বায়ক সৈয়দ শামসুল হক।
মঙ্গলবার রাজধানীর বিটিআরসি ভবনের সভাকক্ষে কমিটি আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
গত মাসে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক পেশাজীবীরা ‘সহস্র নাগরিক কমিটি’ গড়ে তোলেন, যা পরে পরিবর্তিত হয়ে ‘জাতীয় নাগরিক কমিটি’ নাম নিয়েছে।
এর নেতৃত্বে থাকা লেখক শামসুল হক বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশকেই মেনে নিতে চায় না। তাদের বিরুদ্ধে আজকে আমাদের কথা বলার সময় এসেছে। তাই স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে জেলা-উপজেলায় নাগরিক কমিটি করা হবে।”
সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা চেয়েছিল স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করতে। কিন্তু ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন।”
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এরা ভেবেছিল, এদেশে কোনো দিন মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসবে না। কিন্তু এই প্রতি বিপ্লবীদের পরাজিত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন শেখ হাসিনা।”
নাগরিক কমিটি জেলা-উপজেলায় কাজ করলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরো ঊদীপ্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের সংসদে ‘সীমান্ত বিল' পাশে ছিটমহল বিনিময়ের বাধা কাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৯ মে ‘গণসংবর্ধনা’ দেওয়া হবে। ওই আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয় সভায়।
সভায় বলা হয়, সংবর্ধনায় একটি মানপত্রের পাশাপাশি শেখ হাসিনার জীবনের নানা দিক এবং দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে ৪ থেকে ৫ পৃষ্ঠার একটি প্রবন্ধ উপস্থাপন করা হবে। থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।
জাতীয় নাগরিক কমিটির সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাংবাদিক গোলাম সারওয়ার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর উপস্থিত ছিলেন।
