সাগর থেকে আরো ৫ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় পাচার করতে না পেরে বঙ্গোপসাগরে ছেড়ে যাওয়া আরো পাঁচ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার ভোরে টেকনাফের শাহ পরীরদ্বীপ জেটিঘাট এলাকা থেকে এদের উদ্ধার করা হয়।
এরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর এলাকার রেজাউল করিমের ছেলে রবিউল ইসলাম (১৮), একই এলাকার সাইদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৫), ঝিনাইদহের মগরখালী এলাকার মুশফিকুর বিশ্বাসের ছেলে মো. মঞ্জুর বিশ্বাস (১৭), একই এলাকার শরিফুল সরদারের ছেলে রুবেল সরদার (২৪), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচাট এলাকার আলীম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৮)।
এর আগে সোমবার কোস্টগার্ড ও বিজিবি আরো ১৩ বাংলাদেশিকে উদ্ধার করে।
এছাড়া আরো শতাধিক বাংলাদেশি সাগরে ভাসছে বলে জানিয়েছে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও বিভিন্ন সূত্রে মিয়ানমারের জলসীমায় ট্রলারে ভাসমান অবস্থায় কিছু বাংলাদেশি থাকার খবর জানা যায়।
এ প্রেক্ষিতে মিয়ানমার ও বাংলাদেশি ব্যবসায়ীদের সাগরে কোনো বাংলাদেশিকে দেখতে পেলে উদ্ধার করে নিয়ে আসার আহ্বান জানানো হয়।
“রোববার রাতে একটি ছোট ট্রলারে ছয় জনকে ভাসতে দেখে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা তাদের উদ্ধার করেন। একই ভাবে মঙ্গলবার ভোরে এ পাঁচ জন উদ্ধার হয়ে আসে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, মাস-দুয়েক আগে কক্সবাজার মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্র তাদেরকে ফিশিং বোটে করে সাগরে নিয়ে যায়।
আইওএম-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর বলেন, সাগরে কিছু বাংলাদেশি ভাসছে বলে নানা মাধ্যমে তথ্য রয়েছে। এর সংখ্যা শতাধিক হতে পারে।
