২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসদস্যের গুলিতে আহত পিসিপি নেতা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনা সদস্যের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক নেতা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে ওয়াগই পাড়ায় এ ঘটনার পর গুলিবিদ্ধ প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে  (২৮) সেনা প্রহরায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রীতিভূষণ পিসিপির বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি।

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় প্রহরারত কোনো সেনাসদস্যের সঙ্গে কথা বলা যায়নি। এছাড়া কয়েকজন কর্মকর্তাকে ফোন করলেও তারা ফোন ধরেননি।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ‘সেনাবাহিনী ঘটিয়েছে’। প্রীতিভূষণকে ‘সেনা সদস্যরা আটক’ করেছেন।

এ ঘটনার পর পিসিপির কর্মীরা মঙ্গলবার দুপুরে রোয়াংছড়ি-বান্দরবান সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি শান্ত করেন বলে জানান ওসি সাত্তার।

জেলা জনসংহতি সমিতি সভাপতি উছোমং মার্মা বলেন, প্রীতিসেন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করতে গিয়ে পিসিপি নেতা প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে ‘সেনাবাহিনীর সদস্যরা গুলি করে’। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অংশৈপ্রু মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাম উরুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে, এখন আশংকামুক্ত। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে (রেফার্ড) বলা হয়েছে।