আইনশৃঙ্খলা বাহিনীই এখন হুমকি: অধ্যাপক সিরাজুল
বর্ষবরণ আয়োজনে যৌন নিপীড়নের ঘটনায় পুলিশের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেছেন, মানুষের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীগুলোই এখন হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
সোমবার বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে দশ লাখ ছাত্রজনতার স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল।
এ সময় তিনি বলেন, “যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চাইব, তারাই আজ হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তারা লাঞ্ছনার কথা অস্বীকার করেও পরে পত্রিকায় ছবি ছাপিয়ে ধরিয়ে দিতে বলে।”
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবকের নিপীড়নের শিকার হন নারীরা।
সে সময় চার নিপীড়ককে ধরে এসআই আশরাফসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়লেও গত এক মাসে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করার কথা রোববার জানান পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। নিপীড়কদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা করে পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে।
অধ্যাপক সিরাজুল বলেন, “আমরা খারাপ সময় পার করছি। পত্রিকা খুললেই শুধু দুঃসংবাদ দেখা যায়। একটি রাষ্ট্রে নারী কেমনভাবে বাস করছে তা দেখলেই বোঝা যায় দেশের মানুষ কেমন আছে? সেখানে আমাদের অবস্থা খুব একটা ভাল নয়।”
ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ২ জুন পর্যন্ত।
