গণতন্ত্রকে শৃঙ্খলিত করার চক্রান্ত হচ্ছে: বিএনপি
সরকার দেশের গণতন্ত্রকে শৃঙ্খলিত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার বিকালে এক ব্রিফিংয়ে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, “১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তারা সীমিত গণতন্ত্রে বিশ্বাসী, অধিক গণতন্ত্র বিশ্বাস করে না। এ ধরনের কথা বলে সরকার দেশকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে- এটা উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়।”
সরকার উন্নয়নের নামে গণতন্ত্রমনা জনগণকে সীমিত গণতন্ত্রের খোয়াড়ে ঢোকানোর নীল-নকশা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, গণতন্ত্র কখনোই উন্নয়নের প্রতিপক্ষ হতে পারে না।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
সরকারকে ‘চোখ রাঙানির শাসনের’ চিন্তা বাদ দিয়ে আরও বেশি করে গণতন্ত্রের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান রিপন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে বিশ্বাস করেন না। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যে পথে এগিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশেও সে পথে গণতন্ত্র চলবে।
ভোট বিহীন নিবার্চনে গঠিত সংসদ ও সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধির নির্বাচনে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যারা বিশ্বাস করে না, জনগণই ক্ষমতার আঁধার। তারা ৫ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতায় বসে আছে। তারাই এখন মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গিয়ে সীমিত গণতন্ত্রের কথা বলছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের কথা উদাহরণ হিসেবে টানছে।”
সরকার মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পথে এগোচ্ছে- মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, “যারা মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের উদাহরণ টানেন, তাদের বলতে চাই, ওই দেশের স্বাধীনতা অর্জন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এক নয়। ওইসব দেশের মানুষের আকাঙ্ক্ষা ও বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা একরকম নয়।”
দেশে মানবাধিকার, সাংবিধানিক অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন রিপন।
সালাহউ দ্দিনের চিকিৎসায় সরকারের সহযোগিতা চেয়ে আসাদুজ্জামান রিপন বলেন, “দীর্ঘ দুই মাসের অধিক সময় পর নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে। তিনি অসুস্থ। তাকে দেশে ফিরিয়ে আনা, তার সুচিকিৎসা প্রদান ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণে আমরা সরকারের সবার্ত্মক সহযোগিতা চাই।”
সরকারের সহযোগিতা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু সালাহ উদ্দিন আহমেদকে সেখানে পাসপোর্টবিহীন অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনও তার পাসপোর্টের জন্য আবেদন করিনি। তাই বলা যাবে না, সরকার সহযোগিতা করছে না।”
“তার (সালাহ উদ্দিন আহমেদ) স্ত্রী দেখা করতে শিলং গেছেন। তার কাছ থেকে জানার পর আমরা বিস্তারিত গণমাধ্যমকে জানাতে পারব।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আফজাল এইচ খান, শাহজাহান মিলন, কাজী আসাদুজ্জামান, তৈমুর আলম খন্দকার, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
