২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার আগেই নালা-নর্দমা পরিষ্কারের নির্দেশ নাছিরের

জলাবদ্ধতা এড়াতে বর্ষার আগেই নগরীর নালা-নর্দমা পরিষ্কার করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সিটি করপোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

দায়িত্ব গ্রহণের প্রাক-প্রস্তুতি হিসেবে মেয়র এই মতবিনিময় সভা আয়োজন করেন বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মতবিনিময় সভায় আ জ ম নাছির বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি কমাতে প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগকে সম্মিলিত পরিকল্পনা করে তা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ভরাট নালা-নর্দমার মাটি ও আবর্জনা অপসারণের নির্দেশনাও দেন।

নাগরিকদের স্বার্থে রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে আবর্জনা ও বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজে করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে ‘সততার ঘাটতি’ প্রমাণিত হলে তার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দেন নাছির।

গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে জয়ী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির শপথ নিলেও মেয়রের দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২৫ জুলাই বিদায়ী মেয়র-কাউন্সিলরদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলেই দায়িত্ব নিতে পারবেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মো. হোসেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।