২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি কর্মকর্তাদের চাকরির বয়স ২ বছর বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়স সীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার বিশ্ববিদ্যালয় সিনেটের ২১তম অধিবেশনে বয়সসীমা বৃদ্ধির এ প্রস্তাব পাশ করা হয়েছে।

এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সিনেটের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

দিনব্যাপী চলা চারটি অধিবেশনে মোট ১০টি প্রস্তাব পাশ ও প্রস্তাবে পরিবর্তন আনা হয়।

সিনেট সদস্য ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে জানান, সভায় ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেস প্রতিষ্ঠার প্রস্তাব, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ), ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) ও ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আবিএসসি) এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরে উন্নীত করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ তহবিল সংক্রান্ত ধারা সংশোধনের প্রস্তাব এবং বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী প্রতিবছর অন্তত একবার সিনেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৪ বছর পর সিনেট সভা হলো।