২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংহতির ঘেরাওয়ে পুলিশের বাধা, ধস্তাধস্তি

সাগরে আটকে পড়া অভিবাসীদের উদ্ধার এবং মানব পাচারকারীদের শাস্তির দাবিতে গণসংহতি আন্দোলনের স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 07:27 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

সোমবার দুপুরে প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝখানের রাস্তায় মিছিলে বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান গণসংহতির কর্মীরা।

পরে গণসংগতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী নেতাকর্মীদের শান্ত করেন। ওই রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

৪৮ ঘণ্টার মধ্যে সরকার অভিবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেন সাকী।

তিনি বলেন, “খাবার নিয়ে মারামারি করতে গিয়ে আটকে পড়া ১০৪ জন অভিবাসী মারা গেছেন। এর দায় দায়িত্ব কে নেবে?”

অন্যদের মধ্যে শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আক্তার সমাবেশে বক্তব্য দেন।

সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের একটি অস্থায়ী ক্যাম্পে অবৈধ অভিবাসীদের গণকবরের খোঁজ পাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে সমুদ্রপথে মানব পাচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এক সপ্তাহ আগে ইউএনএইচসিআরের একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।