২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের গরাতি ছিটমহলে সন্দ্বীপ মিত্র

পঞ্চগড়ের গরাতি ছিটমহলে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকায় ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার দুপুরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতীয় এই ছিটমহল পরিদর্শনে এসে তিনি বলেন, “ছিটমহল বিনিময়ে আর কোনো প্রতিবন্ধকতা নেই। খুব শীঘ্রই সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে ছিটমহল বিনিময় হবে।”

ইতোমধ্যে অনেক ছিটমহল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয়নি ছিটমহলগুলোতে কেউ দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা করছে। যদি কেউ এমন চেষ্টা করে তাহলে আইনশৃংখলা বাহিনীই যথাযথ ব্যবস্থা নেবে।”

মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে ছিটমহলবাসীরা যে যেমন অবস্থায় আছেন সেভাবেই স্থিতাবস্থা বজায় রাখার আহবান জানান তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা ছিটমহলের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

এ বিষয়গুলো প্রত্যক্ষ করতে ছিটমহল পরিদর্শন করছেন উল্লেখ করে তিনি বলেন, ছিটমহল বিনিময় বাস্তবায়নের সময় বাস্তব কিছু সমস্যা সামনে আসবে। তা সমাধানের জন্য উভয় দেশের আধিকারীকরা আছেন। তারা এ ব্যাপারগুলো দেখবেন।

বিষয়গুলো নিয়ে দুই দেশের সরকারও অবহিত আছেন। এ জটগুলো নিশ্চয়ই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গরাতি ছিটমহলের শালবাগান এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখার সভাপতি ময়নুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আইন উপদেষ্টা আব্রাহাম লিংকন, পঞ্চগড় ও নীলফামারী শাখার সভাপতি মফিজার রহমান প্রমুখ।

এর আগে ছিটমহলের বাসিন্দারা সহকারী হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নাজিরগঞ্জ ছিটমহল পরিদর্শন এবং সেখানে মতবিনিময় করেন।