২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে মমতাজের কনসার্ট, প্রবাসীদের ‘টেনশন’

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কনসার্টের পর একটি খুনের ঘটনায় বিপাকে পড়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

তারা অভিযোগ করেছেন, গত ১০ মে‘র ওই ঘটনার পর থেকে বাংলাদেশিদের ধড়পাকড় করছে লেবানন পুলিশ।

ওই ঘটনার পর মমতাজ আটকে পড়েছেন বলে গুঞ্জন ছড়ালেও তা উড়িয়ে দিয়েছেন এই সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব মাশরুখ হাসান সজল।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “উনার (মমতাজ) লেবাননে আটকে পড়ার খবর ভুয়া। তিনি ভালোই রয়েছেন। সোমবারের প্রোগ্রাম সেরে দেশে ফিরবেন তিনি।”

সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গত ৯ মে লেবাননে যান মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ।

বৈরুতে ১০ মে মমতাজের অনুষ্ঠান শেষে অনুষ্ঠানস্থলের কাছাকাছি এক বাংলাদেশি খুন হন বলে প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়।

লেবাননে বাংলাদেশি কমিউনিটির অন্যতম নেতা আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে স্থানীয় পুলিশ বাংলাদেশিদের ধরপাকড় করছে। পুলিশ বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে।”

তিনি জানান, লেবাননে বর্তমানে ১ লাখ ৩০ হাজারের মতো বাংলাদেশি রয়েছেন।

“গত এক সপ্তাহ ধরে কেউ বাংলাদেশে আসতেও পারছেন না, আবার দেশের কেউ লেবাননে যেতে পারছেন না।”

বাংলাদেশির হাতে বাংলাদেশি খুনের ঘটনাটি রাজনৈতিক কোন্দল ও প্রেমঘটিত বিষয় নিয়ে বলে আমির দাবি করেন।

বাংলাদেশিদের এই সমস্যায় দূতাবাসে যোগাযোগ করে কোনো ফল পাচ্ছেন না বলে তার অভিযোগ।

সেইসঙ্গে একজন সংসদ সদস্য হিসেবে মমতাজের কাছেও সমস্যা সমাধানের উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।

রোববার সন্ধ্যায় মমতাজের আরেকটি কনসার্টের আয়োজন চলছে জানিয়ে আমির বলেন, “আমরা টেনশনে রয়েছি। কনসার্ট বন্ধ করার অনুরোধও করা হয়েছে।

“কিন্তু কনসার্ট আবার করছে দালালরা। দেশের সম্মান বাড়ানোর চেয়ে মানহানি ঘটাচ্ছেন এ জনপ্রতিনিধি। তার কারণে ঝামেলায় পড়েছি আমাদের অনেকে।”

এই ঝামেলার মধ্যে মমতাজ লেবানেন আটকে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এ ধরনের সংবাদকে ভিত্তিহীন দাবি করছেন তার ব্যক্তিগত সচিব সজল আরও বলেন, “উনি (মমতাজ) সুন্দরভাবে প্রোগ্রাম সারছেন এবং ভালো রয়েছেন। মঙ্গলবার উনার দেশে ফেরার কথা রয়েছে।”

খুনের ঘটনার বিষয়ে তিনি বলেন, “সাংস্কৃতিক প্রোগ্রামের পর যদি কোনো ঘটনা ঘটে থাকে, এর সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে প্রবাসীদের অভিযোগের কোনো সম্পর্ক নেই।”