আশুলিয়ায় বাজারে নিরাপত্তারক্ষী খুন
সাভারের আশুলিয়ায় একটি বাজারে ডাকাতি করতে আসা একদল দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন এক নিরাপত্তারক্ষী।
রোববার ভোরের দিকে বসুন্ধরা এলাকার ‘সোনিয়া মার্কেট’ নামে একটি আধাপাকা বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহত আব্দুল ছাত্তার (৫০) সোনিয়া মার্কেটের নিরাপত্তারক্ষী ছিলেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর থানার রইমপুর গ্রামে।
“নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা”, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওই বাজারে জাহাঙ্গীর ও মজিবুর নামের দুই ব্যবসায়ীর দুটি ঝুটের গুদামের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে দুটি কাটা তালা ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গুদাম থেকে প্রায় ৫০/৬০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলেও পুলিশকে জানিয়েছেন দুই মালিক।
নিহতের ছেলে মো. আমানুল্লাহর ধারণা, রাতের বেলা ডাকাতি করতে আসা দুর্বৃত্তরাই তার বাবাকে খুন করে মালামাল লুটে নিয়ে গেছে।
তিনি বলেন, ভোরের দিকে স্থানীয়রা তার বাবাকে বাজারের মধ্যে পড়ে থাকতে দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
