২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে থানায় আ.লীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

নীলফামারীর ডোমারে বাল্য বিয়ের ঘটনায় দণ্ডিত স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 11:14 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শুক্রবার রাতে ডোমার পৌরসভায় একটি বাল্য বিয়ে আয়োজনের দায়ে শনিবার সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত ওই তিন জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এরা হলেন- পৌরসভার চিকনমাটি সবুজপাড়া গ্রামের ছামিউল ইসলাম (৪০), স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল হক (৪৫) এবং পশ্চিম চিকনমাটি ডাক্তারপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রেজাউল করিম (৩২)।

শনিবার তাদের থানা থেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সাজাপ্রাপ্তদের পরিবারের অভিযোগ, ওই তিন জনকে আটকের পর থানায় নিয়ে মারধর করেছে পুলিশ, যাদের মধ্যে একজনকে থানার বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ।

ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার রাতে সবুজপাড়া গ্রামে ছামিউলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে পাশের চান্দিনাপাড়ার রশিদুল ইসলামের ছেলের বিয়ের আয়োজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের সাজা দেন।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ শফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাল্য বিবাহ নিরোধ আইনে তিনজনকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। বিয়েতে পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশকে আটকে রেখেছিল। আমি খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেখানে গিয়েছি।  তিনজনের মধ্যে একরামুল হক পুলিশের কাজে বাধা দেওয়ায় তাকেও আটক করে।

“বিয়েটি হয়েছে কিনা আমি জানি না। তবে বিয়ে দিলেও এই আইনে সাজা দেওয়া যায়, বিয়ের আয়োজন করলেও সাজা দেওয়া যায়।”

তবে ছামিউলের বাবা ময়েজ উদ্দিন (৯০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন তাদের বাড়িতে বিয়ের আয়োজন ছিল না। ছেলের বাড়ির লোকেরা তাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। রাত ৮টার দিকে খেয়ে তারা চলে যাওয়ার পর রাত ৯টার দিকে পুলিশ আসে।

“তারা আমার ছেলে ও প্রতিবেশী রেজাউল করিমকে গ্রেপ্তার করে। এ সময় আরেক প্রতিবেশী ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল হক সেখানে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে তাকেও বেদম মারধর করে আটক করে পুলিশ।”

ছামিউলের ভাতিজা আশিকুর রহমান বলেন, একরামুল হক পুলিশের কাছে জানতে গেলে তারা তার ওপর চড়াও হয়ে নির্যাতন করে এবং পরে থানায় নিয়েও তাকে বেধরক মারপিট করে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম বলেন, “একরামুল হককে পুলিশ মারধর করেছে।”

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ওসি মোয়াজ্জেম বলেন, সেখানে (ঘটনাস্থলে) লাঠি চার্জের সময় একরামুল আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার হয়।

তবে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ শুক্রবার রাতে ওই (একরামুল হক) নামে আহত কাউকে চিকিৎসার জন্য আমাদের কাছে আনেনি।”

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বলেন, “ঘটনাস্থলে এবং পুলিশ হেফাজতে থানায় এনে পৌর আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ড সভাপতি একরামুল হককে নির্যাতন করা হয়েছে। কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই। তবে নির্যাতন করার অধিকার পুলিশের নেই।

“এ বিষয়ে আমরা শনিবার বিকেলে জরুরি সভা ডেকেছি।  সেখানে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।”