২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: নিহত ছাত্রের পরিবারের মামলা

তিন দিন আগে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শনিবার বিকালে নিহত মোশারফ হোসেনের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে, যাদের মধ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নয় ছাত্রও রয়েছে বলে জানান তিনি। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার বিকালে ‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে নিহত হন পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোশারফ হোসেন। সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও করে।

বহিষ্কৃতরা হলেন- রসায়ন দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এস এম রবিউল হাসান সাজু, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মনিরুল ইসলাম মনির ও একই বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. আশিকুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মোহাইমিনুল কাইয়ুম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ওমর ফারুক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এম এ আহাদ খান ও কিশোর দে এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. সাইদুর রহমান।