নেপালের ভূমিকম্প দুর্গতদের জন্য ছাত্রলীগের সহায়তা
নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ছয় লাখ টাকা দিয়েছে ছাত্রলীগ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘ওয়ার্ল্ড ওয়াইড নেপালিজ স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ’ এর প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দিয়েছেন ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সোহাগ বলেন, “দেশের যে কোনো রাজনৈতিক সংকটে যেমন উপমহাদেশের বৃহৎ এ ছাত্র সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছে তেমনি করে যে কোনো মানবিক সংকটে আমরা মানবতার পাশে এসে দাঁড়িয়েছি।
“পার্শ্ববর্তী ও বন্ধুপ্রতীম দেশ নেপাল আজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। অতীতের ধারাবাহিকতায় আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।”
ছাত্রলীগ সভাপতি বলেন, “সংগঠনের নেতাকর্মীদের নিজস্ব চাঁদার মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হয়েছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাসানুজ্জামান তারেক, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লাসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
