রাজধানীতে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-গাইবান্ধার মোফাজ্জেল হোসেনের ছেলে খোকন মিয়া (৩৫) এবং গেণ্ডারিয়ার আবদুর রহিম (১৮)। খোকন পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ডি ব্লকের একটি নির্মাণাধীন বাড়ির সাত তলায় কাজ করার সময় পড়ে গিয়ে খোকন আহত হন।
রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময় পুরান ঢাকার গেন্ডারিয়ায় রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করে তড়িতাহত হয়ে রহিম মারা যান।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া শহীদ নগর নেসারিয়া কামিল মাদ্রাসার পেছনে একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন রহিম।
দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।
