গাজীপুরে বাস-টেম্পো সংঘর্ষ, নিহত-১
গাজীপুরের কালিয়াকৈরে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, সাহেরা বেগম (৫০), মমতাজ উদ্দিন (২৫), বশির উদ্দিন (২৩), আজিজুল হক (৩৫), রাসেল (২৫) ও অজ্ঞাত পরিচয় দুই নারী।
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর থেকে কেপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিয়াকৈর যাচ্ছিল।
পথে সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেইটের সামনে একটি টেম্পোর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি পাশের খাদে পড়ে গিয়ে একজন ঘটনাস্থলে নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।
স্থানীয়রা আহতদের সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসকরা তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন বলে জানান ওসি দাউদ।
