সীমান্তে পাচারকালে উদ্ধার ১০
পাচারের জন্য সুনামগঞ্জ থেকে আনা দুই সহোদরসহ ১০ ব্যক্তিকে সাতক্ষীরা সদরে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় তাদের বহনকারী অটোরিকশার চালককে আটক করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে আলিপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদ শেখ জানান।
আটক নসিমন চালক নাজমুলের বাড়ি সাতক্ষীরা সদরের মাহমুদপুর গ্রামে।
উদ্ধার ১০ জনের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
এরা হলেন- নিক্সন মিয়া, নাসিরউদ্দিন, মনোয়ার হোসেন, আরিফউদ্দিন, ফরিদউদ্দিন, সালাহউদ্দিন, হাবিবুর রহমান, আবু বকর, আবু লেইস এবং তার ভাই রবিউল্লাহ।
আটকদের বরাত দিয়ে ওসি এমদাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাচারকারীরা এই ১০ জনসহ আরও কয়েকজনকে সুনামগঞ্জ থেকে সাতক্ষীরা নিয়ে এসেছিল। পুলিশ দেখে তারা পালিয়ে গেছে।
মানবপাচারে জড়িত হাড়দ্দহা গ্রামের আবু জাহিদসহ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তারা কিডনি পাচারের সঙ্গেও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
