ইন্দোনেশিয়ায় ভিড়েছে আটশ ‘রোহিঙ্গা, বাংলাদেশি’
মালয়েশিয়া থেকে ফিরিয়ে দেওয়ার পর ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে গিয়ে ডুবতে বসা এক নৌকা থেকে প্রায় আটশ মানুষকে উদ্ধার করা হয়েছে, যারা পাচারের শিকার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে দাবি করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সুমাত্রার পূর্ব উপকূলের জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে যান।
আচেহর লাংসা শহরের ত্রাণ ও উদ্ধার বিভাগের কর্মকর্তা খাইরুল নোভা রয়টার্সকে বলেন, “সর্বশেষ যে খবর আমরা পেয়েছি, তাতে ওই নৌকায় ৭৯৪ জন ছিল। তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে বন্দর সংলগ্ন একটি ওয়্যারহাউজে রাখা হয়েছে।”
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুসারে এদের মধ্যে ২১০ জন মায়ানমার থেকে এসেছেন। ৩৯৫ এসেছেন বাংলাদেশ থেকে।
লাংসা শহরের পুলিশ প্রধান সুনারিয়াকে উদ্ধৃত করে মালয়েশিয়ার স্টার অনলাইন জানিয়েছে, নৌকাটিরে গন্তব্য ছিল মালয়েশিয়া। কিন্তু সে দেশের নৌবাহিনী নৌকাটিকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে ঠেলে দেয়।
আচেহ উপকূলে পৌঁছানোর পর নৌকাটি ডুবতে শুরু করলে স্থানীয় জেলেরা এগিয়ে যান এবং আরোহীদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন বলে সুনারিয়া জানান।
মালয়েশিয়ার স্টার অনলাইন লিখেছে, নৌবাহিনীর টহল নৌযান বুধবার পেনাং ও লাংকাওয়ি উপকূল থেকে এ রকম দুটি নৌকাকে গভীর সাগরের দিকে ঠেলে দিয়েছে। দ্বিতীয় নৌকাটিও ইন্দোনেশিয়ার জলসীমায় কোথাও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের ধারণা।
একই ঘটনা ঘটেছে থাইল্যান্ড উকূলেও। প্রায় ৩০০ রোহিঙ্গাসহ একটি নৌকার ইঞ্জিন নষ্ট করে দিয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার পর থাই নৌবাহিনী ইঞ্জিন সারিয়ে খাবার ও পানি দিয়ে নৌকাটি আবার গভীর সাগরে ঠেলে দিয়েছে বলে বিবিসির খবর।
তবে এ ঘটনাকে 'পুশব্যাক' বলতে নারাজ থাই নৌবাহিনী।
রয়্যাল থাই নেভির লেফটেন্যান্ট কমান্ডার ভিরাপং নাকপ্রাসিত বিবিসিকে বলেন, “আমরা আমাদের মানবিক দায়িত্ব পালন করেছি। তারা অন্য একটি দেশে যেতে চেয়েছে। এটাকে 'পুশব্যাক' বলা যায় না।”
ভাগ্য বদলাতে বাংলাদেশ থেকে মাছ ধরার ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় চেষ্টার কথা প্রায়ই শোনা যাচ্ছে। আর মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গারাও দেশ ছেড়ে পালাচ্ছেন, যার সুযোগ নিচ্ছে পাচারকারীরা।
সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার ও বাংলাদেশ থেকে এই অবৈধ অভিবাসীদের নৌকায় তুলে পাচারকারীরা প্রথমে নিয়ে যাচ্ছে থাইল্যান্ডে। সেখানে জঙ্গলের মধ্যে তাদের কিছুদিন রেখে সুযোগ বুঝে আবারও নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া উপকূলে।
সম্প্রতি এরকম একটি পরিত্যক্ত আস্তানায় গণকবরের সন্ধান পাওয়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়। থাই সরকার পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করায় এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকার তাদের সমুদ্র সীমায় নজরদারি বাড়ানোয় মাঝ সমুদ্রে আটকা পড়ে পাচারকারীদের নৌকায় থাকা যাত্রীরা।
বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ছয় হাজারেরও বেশি অসুস্থ ও ক্ষুধার্ত অবৈধ অভিবাসী সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধারের অপেক্ষায় আছেন।
