হত্যা মামলার বাদীকে কুপিয়ে হত্যা
জামিনে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামিরা নিহতের বাবাকে চোখ উপড়ে, কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা জালাল উদ্দিনের (৫০) লাশ ফেলে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বেলা ১টার দিকে মাছিমপুর এলাকায় নজরুল হত্যা মামলার বাদী তার বাবা জালাল উদ্দিনের বাড়িতে হানা দেয় সন্ত্রাসী তাওলাদ, ভাগিনা সেলিম, হানিফসহ ভিপি সোহেল বাহিনীর সদস্যরা।
সন্ত্রাসীরা জালাল উদ্দিনের বাড়িতে ঢুকে তাকে অপহরণের চেষ্টা চালায়। তার স্ত্রী শিরিনা আক্তার বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।
এক পর্যায়ে জালাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ওই সময় এলাকাবাসী এগিয়ে আসতে চাইলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
ওসি আরও জানান, মাইক্রোবাসে তারা জালাল উদ্দিনের বাম চোখ তুলে ফেলে, হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায় দুর্বৃত্তরা।
ওসি বলেন, আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
হামলাকারী বাহিনীর প্রধান সোহেল রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা বলে জানান ওসি।
ওসি মাহমুদুল ইসলাম আরও জানান, জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু হত্যা মামলার আসামি হলেন সোহেল বাহিনীর সদস্যরা।
আগামী সপ্তাহে ওই মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু এলাকায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও অস্ত্র ব্যবসার প্রতিবাদ করলে ২০১১ সালের ৫ নভেম্বর তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় নজরুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তার লোকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।
