সীতাকুণ্ডে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত নিয়াজ মোরশেদ চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। সে সাতকানিয়া উপজেলার আবদুর রাজ্জাকের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে এঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যান চলাচলও বন্ধ করে দেয়।
পুলিশের হস্তক্ষেপে ২০ মিনিট পর আবার যান চলাচল শুরু হয়।
সীতাকুণ্ড থানার এসআই দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই নিয়াজকে একটি ঢাকামুখী বাস চাপা দিয়ে চলে যায়। বাসটি কোন পরিবহনের তা জানা যায়নি।
“এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দেয়। তাদের বুঝিয়ে ১৫ মিনিট পরেই ব্যারিকেড সরিয়ে দিলে রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল শুরু হয়।”
