ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: ৯ শিক্ষার্থী বহিষ্কার, তদন্তে কমিটি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর খাদেমুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকায় লিয়াজোঁ অফিসে রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক শরিফ এনামুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, রসায়ন দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এস এম রবিউল হাসান সাজু, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মনিরুল ইসলাম মনির ও একই বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. আশিকুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মোহাইমিনুল কাইয়ুম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ওমর ফারুক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এম এ আহাদ খান ও কিশোর দে এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. সাইদুর রহমান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোশারফ হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে ‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে মোশারফ হোসেন আহত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি। পরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কেউ আটকও হয়নি।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, এই ঘটনায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
