তিনমাস পর দুদকে ওয়াসার এমডি
তলবের তিনমাস পর দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পরে রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে যান তিনি। পরে দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম তাকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুসন্ধান কাজের অংশ হিসেবে তিনি দুদকে উপস্থিত হয়েছিলেন।”
ঢাকা ওয়াসার চলমান পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের জন্য দরপত্র ও ভেটিং (দরকষাকষি) ছাড়াই নিম্নমানের পাইপ আমদানির মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাকসিমের বিরুদ্ধে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে তাকসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ভেটিংয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা না করা এবং জমি অধিগ্রহণ ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার আগেই পাইপ আমদানির ফলে এ প্রকল্পে সরকারের প্রায় তিনশ পঞ্চাশ কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
