ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকর্মীকে পিটিয়ে আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মুহম্মদ মুহসীন হল অফিসে পরিচয়পত্র নবায়ন করতে এসে ছাত্রলীগকর্মীদের মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের এক কর্মী।
বৃহস্পতিবার দুপুরে হলে প্রহৃত সাঈদ নেওয়াজ রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষার্থী হলে এলে তাকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টয়িরাল টিমের সহায়তায় তাকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।
“সাঈদ ছাত্রদল না ইসলামী ছাত্রশিবির করেন, তা তদন্ত করা হচ্ছে,” বলেন তিনি।
হলের ছাত্ররা জানান, সাঈদকে হল অফিস থেকে বের করে মাঠে নিয়ে রড ও পাইপ দিয়ে পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাকে হলের অতিথি কক্ষে নিয়েও মারধর করা হয়। এরপর তাকে পুলিশে তুলে দেওয়ঢা হয়।
মারধর কথা স্বীকার করে হল হল ছাত্রলীগের সভাপতি মাকসুদ রানা মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঈদকে ছাত্রদল করার অভিযোগে এর আগে হল থেকে বের করে হয়েছিল।
“বিএনপির-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালীন ক্যাম্পাসে ককটেল মারার অভিযোগে ডিবি পুলিশ তাকে ধরতে গেলে সে পালিয়ে গিয়েছিল। তবে পুলিশের কাছে তার আইডি কার্ডটি থেকে যায়।”
এজন্যই পরিচয়পত্র নবায়নের জন্য সাঈদ হলে এসেছিলেন বলে দাবি করেন এই ছাত্রলীগ নেতা।
হল অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তার শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাঈদ পরিচয়পত্র নবায়ন করা জন্য হলে গিয়েছিলেন। তৃতীয় বর্ষের ভর্তির টাকা জমা দেওয়ার রশিদও তার সঙ্গে ছিল।
