২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

পাবনায় গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যাকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেছে পরিবার।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

তবে পুলিশ নির্যাতনে বিষয়টি অস্বীকার করে বলছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত রেজাউল করিম (৫৫) সদর থানার দোগাছী ইউনিয়নের খয়েরসুতি গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এসআই নাজমুলের নেতৃত্বে ডিবি পুলিশ খয়েরসুতি গ্রামে অভিযান চালিয়ে ৬০ পুড়িয়া গাঁজাসহ রেজাউলকে আটক করে।

আটকের কিছুক্ষণের মধ্যে অসুস্থ্ হয়ে পড়লে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

রেজাউলকে নির্যাতন করা হয়নি দাবি করে তিনি বলেন, “রেজাউল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিলেন এবং আটকের পর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”

নিহতের বড় ভাই আজমল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টার দিকে সাদা পোশাকে একদল পুলিশ রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে যায়। ধরেই তাকে চেইন দিয়ে পেটাতে থাকে পুলিশ। এ সময় রেজাউল মাটিতে পড়ে যায়। এরপর তাকে গাড়িতে তুলে পাবনার দিকে রওনা হয় তারা।”

পুলিশের বেদম মারপিটের ফলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে পুলিশের দেওয়া তথ্যে গড়মিল দেখা গেছে। পুলিশের নথি অনুযায়ী বেলা ১২টা ৫৫ মিনিটে রেজাউলকে আটক দেখানো হয়েছে।  আর হাসপাতাল রেজিস্টারে তাকে ভর্তির সময় লেখা রয়েছে দুপুর সোয়া ২টা।

পাবনা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাশকুরুল আলম বলেন, বেলা সোয়া ২টার দিকে পুলিশ অসুস্থ অবস্থায় রেজাউলকে হাসপাতালে নিয়ে আসে।এর ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, লাশের ময়নাতদন্তের পর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।