২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মানবাধিকার লঙ্ঘন: কেন টাস্কফোর্স নয়, প্রশ্ন হাই কোর্টের

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে কেন একটি স্থায়ী টাস্কফোর্স কমিটি গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:43 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

পুরনো খবর:

যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে বিক্ষোভে পুলিশের লাঠিপেটা
‘বিরূপ’ খবরের প্রেক্ষাপট যাচাইয়ে পুলিশ

বর্ষবরণ উৎসবে যৌন হয়রানির প্রতিবাদে ছাত্র ইউনিয়নের একটি কর্মসূচিতে পুলিশের লাঠিপেটাকে কেন্দ্র করে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা  রিট আবেদনে এই রুল এসেছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের  জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টর্নি জেনারেল আমাতুল করীম ও সহকারী অ্যার্টনি জেনারেল নূসরাত জাহান।

রিট আবেদনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নীতিমালা প্রণয়ণের নির্দেশনা চাওয়া হয়।

আদেশের পর ফাওজিয়া করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, “বিবাদীদের একটি গাইডলাইন ও নীতিমালা গ্রহণ করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ও রুলে জানতে চাওয়া হয়েছে।

“যাতে সংবিধান অনুসারে জনগণের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি জনগণের আস্থা বহাল থাকে।”

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন হয়রানিতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত ১০ মে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাওয়ে গিয়েছিল বামপন্থি সংগঠন ছাত্র ইউনিয়ন।

সেদিন ডিএমপি কমিশনারের কার্যালয়ের কাছে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় এক নারী কর্মীকে পুলিশ চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধরের চিত্রও বিভিন্ন গণমাধ্যমে এসেছে।

ওই ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, হাই কোর্টের আরেকটি বেঞ্চ ইতোমধ্যে তা জানাতে পুলিশকে আদেশ দিয়েছে।