পল্লবীতে জোড়া খুনের ঘটনায় মামলা
রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে বাসায় ঢুকে এক গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় পল্লবী থাকায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার।
এ ঘটনায় বাড়ির দারোয়ানসহ দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পল্লবী থানার সহকারী উপ পরিদর্শক মাসুম পারভেজ জানান, নিহত সুইটি আক্তারের স্বামী জাহিদুল ইসলাম বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় দুই আসামির বিরুদ্ধে এ মামলা করেন।
পল্লবী থানার ওসি মো. জিয়াউজ্জামান বলেন, “বাড়ির দারোয়ান মনির ও জাহিদের ব্যবসায়ীক অংশীদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় খুন হন ডেসকোর প্রকৌশলী জাহিদের স্ত্রী সুইটি খাতুন (২৪) ও জাহিদের মামা আমিনুল ইসলাম (৪৪)।
মোটর সাইকেলে করে দুই ব্যক্তি এসে আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে এবং সুইটি দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপানো শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন।
হত্যাকাণ্ডের সময় জাহিদ তার কর্মস্থলে ছিলেন। পূরবী সিনেমা হলের কাছে অফিস থেকে প্রতিদিনের মতো দুপুরে বাসায় খেতে এসে স্ত্রী ও মামার রক্তাক্ত লাশ পান।
হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল জাহিদের পাঁচ বছর বয়সী ছেলে। তাকে আতঙ্কিত অবস্থায় বাথরুমে পাওয়া যায় বলে জাহিদ পুলিশকে জানিয়েছেন।
বাড়ির দারোয়ান আব্দুল খালেক পুলিশকে বলেছেন, দুপুর দেড়টার দিকে দুই ব্যক্তি মোটর মাইকেল থেকে নেমে জাহিদের বাসায় যায়। আধা ঘণ্টা পর ওই দুজন বেরিয়ে যায়।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, ওই বাসা জাহিদের। তার মামা সেখানে বেড়াতে এসেছিলেন।
চাকরির পাশাপাশি প্রকৌশলী জাহিদ ট্রান্সফরমারের ব্যবসা করতেন। ওই ব্যবসা ছিল তার স্ত্রীর নামে।
চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলেও পুলিশকে জানানো হয়েছে।
