ঢাকায় বিমানবন্দরে যাত্রীর জুতায় সোনা
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।
আটক হুমায়ুন কবির মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে।
বুধবার রাত ১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয় বলে শুল্ক বিভাগের যুগ্ম-কমিশনার সোহেল রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হুমায়ুনের দেহ তল্লাশি করে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ৮৮ গ্রাম সোনা পাওয়া যায়।”
উদ্ধার করা সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানান তিনি।
