সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, বুধবার গভীর রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মাস্টারবাড়ি সীমান্তের মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর ইসলাম (২৭) বুড়িমারী রেলওয়ে কলোনীপাড়ার আমিনুর ইসলামের ছেলে। তার লাশ বিএসএফ নিয়ে গেছে।
এর প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে বজলুর রহমান জানান।
বিজিবি কর্মকর্তা বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমান্ত পার হওয়ার সময় অন্তর ও তার সঙ্গীদের দেখে কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহলদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয় এবং রাজু নামে আরেক বাংলাদেশি আহত হন।”
রাজুর পরিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, তার পায়ে গুলি লেগেছে বলে তারা জানতে পেরেছে। তবে সীমান্ত থেকে পালিয়ে এসে তিনি কোথায় আছেন তা তারা জানেন না।
গ্রেপ্তার ও পুলিশের জিজ্ঞাসাবাদের ভয়ে রাজু লালমনিরহাট শহরে কোথাও লুকিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
