২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত হত্যা: ফেইসবুকে মন্তব্য করায় সাংবাদিককে হুমকি

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে ফেসইবুকে মন্তব্য করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 11:31 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বুধবার সন্ধ্যা থেকে অনবরত কয়েকটি নম্বর থেকে গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আহসান হাবিব।

তিনি বলেন, রাত ৮টা ৩৯ মিনিটে প্রথম একটি অজ্ঞাত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন।

“নাস্তিকদের আমরা হত্যা করলে তোদের গায়ে লাগে কেন?”

পরে আরো কয়েকটি নম্বর থেকে ফোন করে গালিগালাজের পাশাপাশি মারধরের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

বিষয়টি র‌্যাবকে জানানো হলে, র‌্যাব-১৪ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রাকিব আহাম্মদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন হাবিব।

মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আনসার বাংলা ৮ নামে একটি টুইটার একাউন্ট থেকে বলা হয়, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।