২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল সংলগ্ন পুকুরে ডুবে এক শিক্ষার্থী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

হায়দারী মেহফুজ উল্লাহ রাহী নামে ওই তরুণ সাঁতার জানতেন না বলে তার বন্ধুরা জানিয়েছেন, যারা বুধবার বিকালে একই সঙ্গে পুকুরে নেমেছিলেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাহীর বাড়ি কুষ্টিয়ার হিমচন্দ্র লাইড়ী লেনের আরোয়া পড়ায়। তার বাবা জালাল উদ্দিন ব্যবসায়ী এবং মা রোকসানা পারভীন সরকারি চাকরি করেন। দুই ভাইয়ের মধ্যে রাহী ছিলেন ছোট।

বিকালে তিন বন্ধুর সঙ্গে রাহী পুকুরে নেমেছিলেন। অন্যরা হলেন- গণিত বিভাগের মারুফ আল কাদের, পরিসংখ্যান বিভাগের মনির এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের আরমান।

মারুফ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার অষ্টম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব উপলক্ষে হলের রাস্তায় আল্পনা আঁকার পর পরিচ্ছন্ন হতে পুকুরে গিয়েছিলেন তারা চারজন, যদিও তাদের কেউই সাঁতার জানতেন না।

“আর্ট শেষে বিকাল সাড়ে ৪টার দিকে আমরা চারজন পুকুরে যাই। সেখানে গিয়ে কিছুক্ষণ ফাজলামি করি। হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ মনির পা পিছলে পানিতে পড়ে যায়।”

হলের একটি কক্ষের বেলকনি বেলকনি থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারজনকে পুকুর পাড়ে যেতে দেখি। এর মধ্যে দুজন পুকুরে পড়ে গেলে বাকি দুইজন তাদের উদ্ধারের চেষ্টা করে। একজনকে তোলা গেলেও অন্যজন (রাহী) ডুবে যায়।”

মারুফ বলেন, “মনিরকে তুলতে গিয়ে রাহী পানিতে পড়ে যায়। তাদের তুলতে গিয়ে আরমানও পানিতে হাবুডুবু খেতে থাকে। আমি তখন লোকজনকে ডাকতে থাকি।”

চিৎকার শুনে রুবেল নামে একজন কর্মচারী প্রথমে আরমানকে এবং এরপর মনিরকে টেনে তোলে। তবে ততক্ষণে রাহী পানিতে ডুবে যায়।

শিক্ষার্থীরা তখন দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে ১৫ মিনিট পর রাহীকে তুলে আনে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।

পরে রাহীর লাশ ফজলুল হক হলে নিয়ে আসা হয়। সন্ধ্যার পরে জানাজা শেষে জন্মস্থান কুষ্টিয়ায় পাঠানো হয় লাশ।