২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে সারবাহী কার্গোডুবি: উদ্ধার শুরু

সুন্দরবনের ভোলা নদীর মরা ভোলার চরে ডুবে যাওয়া সারবাহী কার্গো এমভি জাভালে নূরের উদ্ধার কাজ শুরু হয়েছে আট দিন পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

মঙ্গলবার সন্ধ্যায় মালিকপক্ষের ভাড়া করা একটি উদ্ধার যান সেখানে পৌঁছে। বুধবার সকালে উদ্ধার কাজ শুরু হয়।

কার্গোটিকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে সাত থেকে ১০ দিন সময় লাগবে বলে মালিকপক্ষ বনবিভাগকে জানিয়েছে।

এদিকে, বনভিগ স্থানীয় শ্রমিকদের নিয়ে কার্গোতে থাকা পটাশিয়াম সার তোলার কাজ শেষ করেছে মঙ্গলবার সন্ধ্যায়। গত আট দিনে তারা কার্গোর পাঁচশ মেট্রিক টন সারের মধ্যে প্রায় সাত মেট্রিক টন অপসারণ করতে সক্ষম হয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কার্গোটি সরিয়ে নিতে দুটি টাগ বোট সেখানে পৌঁছেছে। তারা তলা ফেটে যাওয়া কার্গোটিতে ওয়েল্ডিংয়ের কাজ করেছে। এরপর এটিকে চালিয়ে নিয়ে যাওয়া হবে।

আর তা সম্ভব না হলে আরও দুটি বড় কার্গো এনে চরে আটকে থাকা ওই কার্গো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

“এতে তাদের সাত থেকে দশদিন সময় লাগবে বলে মালিকপক্ষ জানিয়েছে,” বলেন কামাল উদ্দিন।

তিনি আরও বলেন, গত ৫ মে এমভি জাবালে নূর নামের কার্গোটি ডুবে যাওয়ার পর স্থানীয় কিছু শ্রমিক নিয়োগ করে সার অপসারণের কাজ শুরু করা হয়। একসঙ্গে দুটি ড্রেজিং মেশিন দিয়ে চেষ্টা করা হলেও তা কোনো কাজে আসেনি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এবং পরিবেশ ও এ ঘটনা তদন্তে বন মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্য সচিব মো. আমীর হোসাইন চৌধুরী জানান, তাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এই কমিটি আগামী সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে বলে জানান তিনি।

এমভি জাবালে নূর নামে কার্গোটি মংলা বন্দর থেকে প্রায় পাঁচশ মেট্রিক টন এমওপি সার নিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। ৩ মে কার্গোটি সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর মরাভোলার চরে আটকা পড়ে।

এর দুদিন পর ৫মে কার্গোটি উদ্ধার করার সময় তলা ফেটে ডুবে যায়।