২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পুড়ল সাংসদ কয়েসের কুশপুতুল

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের কুশপুতুল পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 04:26 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখায়।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই মানবন্ধনের আয়োজন করা হয়।

গত শনিবার সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এক অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবালকে সিলেট বিদ্বেষী আখ্যায়িত করে তাকে চাবুক মারার ইচ্ছা পোষণ করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। 

মাহমুদ-উস-সামাদ চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয় তিনি ওই অনুষ্ঠানে বলেছেন, “আমি যদি বড় কিছু হতাম তাহলে জাফর ইকবালকে কোর্ট পয়েন্টে ধরে এনে চাবুক মারতাম।”

কোর্ট পয়েন্ট সিলেটের অন্যতম উল্লেখযোগ্য স্থান, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি অরাজনৈতিক সংগঠনগুলো সভা, সমাবেশের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

মানববন্ধন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন সুদীপ বলেন, “দেশের একজন সাংসদের মুখে এ ধরনের বক্তব্য পুরো জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকের প্রতি সাংসদের এই আচরণে আমরা ক্ষুব্ধ ও হতাশ।”

এ ঘটনানে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উপর রাজনৈতিক দুর্বৃত্তায়নের অশুভ থাবারই একটি অংশ বলে মনে করেন তিনি।

ইতোমধ্যে মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থী সঞ্জীবন সুদীপ বলেন, “শুধু শাহজালাল নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। কারণ তাকে আমরা সাংসদ হিসেবে দেখছি না, তিনি হলেন রাজনৈতিক দুর্বৃত্ত।”

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের স্নাতকের শিক্ষার্থী শেখ ইরফান, মানোবিজ্ঞান বিভাগের নূরে নাজনীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিবলী হাসান প্রমুখ।