ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, পেছাল বার কাউন্সিল নির্বাচন
ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠার পর দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
২০ মে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে আগামী ২৭ মে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।
মঙ্গলবার রাতে বার কাউন্সিলের এক ‘জরুরি সভায়’ এ সিদ্ধান্ত হয়।
কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলতাফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটার তালিকায় থাকা কিছু ত্রুটি হালনাগাদ করার জন্য সর্বসম্মতিক্রমে সভায় এ সিদ্ধান্ত হয়।”
বর্তমান কমিটির মেয়াদেই কীভাবে ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে’ নির্বাচন করা যায় সে বিষয়ে আলোচনায় অংশ নেন তারা।
গত ২৫ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে কাউন্সিলের ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।
তবে এ তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল আলাদাভাবে কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেয়।
এতে অভিযোগ আসে, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হলেও কাউন্সিল নিজস্ব নথিপত্রের সাহায্য না নিয়ে আইনজীবী সমিতিগুলোর পাঠানো সদস্য তালিকা ধরেই ভোটার তালিকা তৈরি করেছে।
কাউন্সিলের যে পাঁচ সদস্য তালিকা নিয়ে আপত্তি তুলে চিঠি দিয়েছেন তারা হলেন- সৈয়দ রেজাউর রহমান, এইচ আর জাহিদ আনোয়ার, আব্দুল মতিন খসরু, এম এম মুজিবুর রহমান ও তানিয়া আমীর।
তালিকা প্রকাশের কোনো প্রক্রিয়ার সঙ্গে তারা ছিলেন না জানিয়ে চিঠিতে বলা হয়, এ ভোটার তালিকা ‘স্বচ্ছভাবে’ হয়নি। কোনো নির্বাচিত সদস্য এ কাজের সঙ্গে ছিলেন বলেও তারা জানেন না।
এ ভোটার তালিকায় আইনজীবীদের তালিকাভুক্তির নম্বর ও তারিখ, ভলিউম নম্বর ও সনদের পৃষ্ঠা সংখ্যার কোনো কলাম নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
দুই কেন্দ্রের ভোটার তালিকায় নাম এসেছে, এমন সাতজন আইনজীবীর উদাহরণ তুলে ধরে এতে চিঠিতে হয়, এ রকম হাজারও ভোটারের নাম একাধিকবার এসেছে বলেই তাদের সন্দেহ।
১০১ জন আইনজীবীর স্বাক্ষরে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে পাঠানো চিঠিতেও ভোটার তালিকা নিয়ে আপত্তি তোলা হয়।
চিঠিতে বলা হয়, একাধিক জেলা বারের সদস্য হিসাবে অনেকের নাম একাধিক জেলা বারের তালিকায় স্থান পেয়েছে।
আবার সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারের ভোটার তালিকায় থাকা এক ব্যক্তির নামও দুইবার কাউন্সিলের ভোটার তালিকায় এসেছে।
এ অবস্থায় ‘জালিয়াতি ঠেকাতে’ তালিকা সংশোধন করে পুনঃপ্রকাশের দাবি জানান ১০১ আইনজীবী।
“অন্যথায় এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এর দায়ভার আপনার উপর বর্তাবে, যা কোনোভাবেই আমাদের কাম্য নয়”, বলা হয় চিঠিতে।
ঢাকা বারের তালিকায় ‘অস্পষ্টতা’
প্রকাশিত ভোটার তালিকার ৬৬ পৃষ্ঠায় দেখা যায়, সেখানে একই বানানে পরপর পাঁচজন মো. গোলাম মোস্তফা রয়েছেন। ধারাবাহিকভাবে মো. হাবিবুর রহমান রয়েছেন ২৩ জন, যাদের দুই জনের নামের শেষে ভূঁইয়া, একজনের নামের শেষে সিদ্দিক এবং একজনের নামের শেষে শওকত রয়েছে।
মো. হারুন-অর-রশিদ রয়েছেন ১৭ জন, আর মো. হারুন-আর-রশিদ রয়েছেন চারজন। যাদের তিনজনের নামের শেষে যথাক্রমে ভূঁইয়া এবং মিয়া রয়েছে। এভাবে ৭৭ পৃষ্ঠা পর্যন্ত ব্যাপক আকারে একই নামের পুনরাবৃত্তি রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বার কাউন্সিলের একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে একই তারিখে একই সঙ্গে একই নামের ব্যক্তি পাশাপাশি আসনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আইনজীবী হওয়া কতোটা সম্ভব?”
তিনি বলেন, “এসব নামে আসলেই কেউ আছে কি-না, সেটা আমরা পরীক্ষাও করতে পারছি না। কারণ ভোটার তালিকায় তাদের তালিকাভুক্তির তারিখ নেই। তাদের ভলিউম নম্বর নেই। এখানে ঢাকা বারের সদস্য নম্বর ও ক্রমিং নম্বর দেওয়া হয়েছে। আবার অন্যগুলোতে তালিকাভুক্তির তারিখ দেওয়া হলেও সদস্য নম্বর দেওয়া হয়নি।
“১৮ হাজার ভোটারের মধ্যে ১৫ হাজারের বেশি ভোটার ঢাকা বারে। সেখানেই তালিকাটি অস্পষ্ট করে রাখা হয়েছে।”
বার কাউন্সিলের সহকারী পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটার তালিকায় একাধিক সমিতিতে কোনো কোনো আইনজীবীর নাম এসেছে। এ নিয়ে অভিযোগ আসায় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর প্রেক্ষিতে কে কোন বারে ভোট দেবেন তা জানিয়ে ৬২৩টি আবেদন আসে। তথ্য পর্যালোচনা করে ভোটার তালিকা থেকে এক হাজার ৩৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
যেভাবে নির্বাচন
বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে আসেন।
এই ১৪ জন সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে পদাধিকার বলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
প্রার্থী যারা
এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আইনজীবী আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আইনজীবী আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম প্রার্থী হয়েছেন।
আর স্থানীয় বার ক্যাটাগরিতে এ-গ্রুপে কাজী নজিবুল্লাহ হিরু, বি-গ্রুপ থেকে এইচ আর জাহিদ আনোয়ার, সি-গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী, ডি-গ্রুপ থেকে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, ই-গ্রুপ থেকে পারভেজ আলম খান, এফ-গ্রুপ থেকে মো. ইয়াহিয়া ও জি-গ্রুপ থেকে মো. রেজাউল করিম নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সাধারণ আসনে বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, কাউন্সিলের বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এ এম মাহবুব উদ্দিন খোকন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় বার ক্যাটাগরিতে এ-গ্রুপ থেকে গোলাম মোস্তফা খান, বি-গ্রুপ থেকে মোহাম্মদ আবদুল বাকি মিয়া, সি-গ্রুপ থেকে কবির চৌধুরী, ডি-গ্রুপ থেকে কাইমুল হক, ই-গ্রুপ থেকে আবদুল মালেক, এফ-গ্রুপ থেকে মো. ইসহাক ও জি-গ্রুপ থেকে এ কে এম হাফিজুর রহমান প্রার্থী হয়েছেন।
এ দুটি প্যানেলের বাইরে আইনজীবী ঐক্য ফ্রন্ট ও আইনজীবী ঐক্য পরিষদ নামে আরও দুটি প্যানেল এবার নির্বাচনে অংশ নিচ্ছে।
ঐক্য ফ্রন্টের প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন আইনজীবী সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সরওয়ার-ই-দীন, মো. হেলাল উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী ও মো. শামছুল হক।
আর. ঐক্য পরিষদ মনোনীত প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন আইনজীবী মো. মাহবুব আলী ভূইয়া, মো. ইউনুস আলী আকন্দ, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল হোসেন, মো. দেলোয়ার হোসেন মল্লিক, মো. শওকত হায়াত ও সুলতান এ. সবুর চৌধুরী।
এই চার প্যানেলের প্রার্থীসহ এবারের নির্বাচনে সাধারণ আসনে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন, আর গ্রুপ পর্যায়ে সাত পদের জন্য প্রার্থী ২৯ জন।
