সিলেটে ছাত্র ইউনিয়ন নেতাদের পেটালো ছাত্রলীগ নেতারা
সিলেটে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুজ্জামান পাপলু এ অভিযোগ করেন।
আহতরা হলেন- জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাশ ও কোষাধ্যক্ষ রণি তালুকদার।
এদের মধ্যে আহত রণিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি পাপলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় ছাত্র ইউনিয়ন ও গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মিছিলটি শেষ হওয়ার পরপর নেতাকর্মীরা চলে যাওয়ার এক পর্যায়ে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন।
এ সময় ছাত্র ইউনিয়নের কর্মীরা ছাত্রলীগ নেতাকে ওই জায়গা থেকে সরে যেতে বললে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীদের জড়ো করে মারধর শুরু করে।
তবে ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার পাপলু এ অভিযোগ অস্বীকার করেন।
