২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লেবাননের রাজধানী বৈরুতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 07:32 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

রোববার রাতে এই হত্যাকাণ্ড হয় বলে বৈরুতে থাকা তার এক আত্মীয় নিশ্চিত করেছেন।

নিহত সজীব শিকদার (২৩) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের শামসু শিকদারের ছেলে।

স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তার পরিবারের সদস্যরা।

সজীবের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন মঙ্গলবার বিকালে সাংবাদিকদের জানান, লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) ফোনে তাদের এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, রোববার আওয়ামী লীগ লেবানন শাখা আয়োজিত বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সজীব সিকদার।

অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গুলিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আমির হোসেন আরও জানান, সজীব শিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। লেবাননে কমিটি গঠন নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ ছিল।

এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সজীবকে খুন করে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার, বলেন আমির হোসেন।