সিরাজগঞ্জে মানবপাচারকারী আটক
সিরাজগঞ্জের এনয়েতপুরে মানবপাচারকারী চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে দ্বাদশপট্টি গ্রাম থেকে আটক আবুল কালামের বিরুদ্ধে এনায়েতপুর থানায় অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এনায়েতপুর থানার ওসি মনিরল ইসলাম জানান, আড়কান্দি চরের রহিজ আলীর ছেলে তাঁত শ্রমিক ইয়ামিনসহ (১৭) তার সঙ্গী ২০/৩০ জনকে মলয়েশিয়া পাঠানোর কথা বলে কালামসহ তিন ‘দালাল’ কয়েকলাখ টাকা হাতিয়ে নিয়েছে।
ওই অভিযোগে সোমবার রহিজ আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় আড়কান্দি চরের আবুল কালাম, গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিম, সোনাতলা গ্রামের ফরিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলা করার পরই তাদের ধরতে অভিযান চালানো হয় বলে জানান ওসি।
সম্প্রতি মালয়েশিয়ার পথে থাইল্যান্ড উপকূলে বেশ কয়েকটি পাচারের ঘটনা ধরা পড়ে, যেখানে বাংলাদেশ ও মিয়ানমারের শত শত পুরুষ, নারী ও শিশুকে পাচার ও নির্যাতন করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকজন সন্দেহভাজন মানবপাচারকারী পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
