২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪ দল

ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নাসিম ছাত্র ইউনিয়নের কর্মীদের উপর হামলারও নিন্দা জানান।

তিনি বলেন, “আমরা (১৪ দল) চাই এই ঘটনার দ্রুত তদন্ত করে চিহ্নিত অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে।”

এর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিতে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জোটের মুখপাত্র নাসিম।

তিনি বলেন, “৬২ বছর পরে ভারতের সঙ্গে স্থলসীমা নির্ধারিত হয়েছে। ভারতের পার্লামেন্টে সর্বসম্মভাবে এটা পাস করেছে। এজন্য ১৪ দল সন্তোষ প্রকাশ করছে এবং ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ ভারতের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।”

এছাড়া ব্রিটেনে বাংলাদেশি বংশদ্ভূত টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রুপা হক নির্বাচিত হয়ে বাঙালির গৌরব বাড়িয়েছেন। সুযোগ পেলে তাদেরও সংবর্ধিত করা হবে বলে ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি, বন ও পরিবেশ মঞ্জু আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য আবদুস সাত্তার, সুজিত রায় নন্দী, ন্যাপের সাধারণ সম্পাদক ডা. এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের  আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অসীত বরণ রায়, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, মাহবুবুর রহমান গাজী প্রমুখ।