চট্টগ্রামে আগুনে এক কিশোরের মৃত্যু
চট্টগ্রামের কোতোয়ালি থানার এনায়েত বাজারে ফুচকার দোকানে আগুন লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. নাঈম (১৪)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে গোয়ালপাড়া এলাকায় ফুচকার দোকানে আগুন লেগে ওই কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই জন আহত হন। তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।”
তবে তিন জনের কারো বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সরওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নয়টা ৫০ মিনিটের দিকে কোরোসিনের স্টোভ থেকে আগুনের সূত্রপাত। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
