২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে পাবনার বেড়া উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া সদর, আতাইকুলা, ফরিদপুর ও আটঘরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 09:37 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

সোমবার এ ঝড়ে ধান, আম-লিচুসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা জানান।

ঝড়ের সময় ঘর পড়ে নিহত চাঁদ আলী শেখ (৬০) বেড়া উপজেলার বড় শালিকা গ্রামের বাসিন্দা।

বেড়া থানার ওসি মতিউর রহমান জানান, ঝড়ের সময় ঘরের চাল ভেঙে পড়লে চাঁদ আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে উপজেলার ২৫টি গ্রামের প্রায় সাড়ে ৩শ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় আহত হন অন্তত ৬০ জন। তাদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, ছয়টি টিমের মাধ্যমে ফরিদপুর উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তারপর উপজেলা পরিষদ থেকে তাদের সাহায্য সহযোগিতা করা হবে।

আতাইকুলা উপজেলার তৈলকূপী গ্রামের মিন্টু কাজী জানান, সকালে প্রায় আধা ঘণ্টাব্যাপী ঝড় ও বৃষ্টিতে অনেক স্থানে বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে গেছে। অনেকগুলো হেলে পড়েছে।

জোয়ারদহ গ্রামের লিচু বাগানের মালিক আব্দুস সোবহান জানান, ঝড়ে তার বাগানে সব গাছ ভেঙে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চক উগ্রগড় গ্রামের আক্কাস আলী মাষ্টার, আরশেদ আলী ও খলিল বিশ্বাসসহ বেশ কয়েকজন আম লিচু বাগান মালিক জানান, কালবৈশাখীর তাণ্ডবে তাদের বাগানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহায়তায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।