২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানীনগরে ৬ বীরকন্যা সংবর্ধিত

মুক্তিযুদ্ধে পাক হানাদারদের নির্যাতনের শিকার নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের ছয় বীরকন্যাকে সংবর্ধনা দিয়েছে একটি বেসরকারি সংস্থা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 07:04 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

রানীনগর উপজেলা ডাকবাংলোয় রোববার সন্ধ্যায় ‘চেষ্টা’ নামের সংস্থাটি এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে ওই চার নারীতে সহায়তা হিসেবে একটি করে গাভী দেওয়া হয়।

এ ছয় বীরাঙ্গনা হলেন- রাণীনগরের আতাইকুলা গ্রামের শান্তি বালা পাল (৬৫), রেণু বালা পাল (৭০), মায়া রাণী পাল (৭৫), রাশমুণি সূত্রধর (৭০), খেন্ত রাণী সূত্রধর (৮০) ও সমর্থ বান (৭০)।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, ‘চেষ্টা’র সভানেত্রী সেলিনা বেগম শেলী, রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।

স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পরে হলেও তাদের সংবর্ধিত করে পাশে দাঁড়ানোয় আয়োজকদের ধন্যবাদ দিয়ে বীরকন্যাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাংসদ ইসরাফিল আলম।

স্বাধীনতার এতবছর পরে হলেও শেষ বয়সে সংবর্ধনা ও সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বীরকন্যারা।

বীরকন্যা রাশমুনি সূত্রধর বলেন, “যুদ্ধের এতদিন পর কেউ আমাদের খোঁজ নিয়েছে। খেয়ে পড়ে বাঁচার জন্য সহায়তাও করেছে। এতেই আমি খুব খুশি।”

এর আগে গত বছরও নারী সংগঠন ‘চেষ্টা’ বীরকন্যাদের হাতে একটি করে গাভী তুলে দিয়েছিল।