২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বোমায় উড়ে গেল কৃষকের কব্জি

মাগুরা সদরে আখক্ষেতে কাজ করার সময় বোমা বিস্ফোরণে এক কৃষকের বাম হাতের কব্জি উড়ে গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোববার সকালে শিমুলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরার সিনিয়র এএসপি সুদর্শন কুমার রায়।

আহত টিপু শিকদার উপজেলার ইসলামবাগ পাড়ার লালন শিকদারের ছেলে। তাকে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসপি সুদর্শন বলেন, যশোর-মাগুরা মহাসড়কের পাশে আখক্ষেতে কাজ করছিলেন কৃষক টিপু।

আখ কাটার সময় ক্ষেতের মধ্যে থাকা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের কব্জি উড়ে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায় বলে জানান এএসপির সুদর্শন।

দুর্বৃত্তরা নাশকতার জন্য এসব বোমা ওই আখক্ষেতে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সিনিয়র এএসপি সুদর্শন।

সদর হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম জানান, বোমার স্প্লিন্টারে টিপুর বাম হাত কব্জির নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের সময় মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়া ও পাশের মঘির ঢাল এলাকা সহিংসতা প্রবণ হিসেবে চিহ্নিত ছিল।

অবরোধ চলাকালে গত ১২ মার্চ এ এলাকায় ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে নয় শ্রমিক দগ্ধ হয়েছিলেন, যার মধ্যে পাঁচজন মারা যান।