২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি দখলমুক্ত করে কৃষকদের দেওয়ার দাবি

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের খাস জমি ক্ষমতাশালীদের কাছ থেকে দখলমুক্ত করে কৃষকদের মালিকানায় দেওয়ার আহ্বান এসেছে এক আলোচনা অনুষ্ঠানে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 05:05 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

শনিবার একশনএইড, কেন্দ্রীয় কৃষক মৈত্রী ও এশিয়ান ফার্মারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় বহুপাক্ষিক সংলাপে’ এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, “দুর্নীতি ও অবহেলার কারণে মানুষ জনসম্পদে তাদের অধিকার বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।”

অনুষ্ঠানে খুলনার মুরশিদা বেগম নারী ভূমিহীনদের মধ্যে সরকারি খাস জমি বরাদ্দ দেওয়ার দাবি জানান।

সরকারের সুবিধাগুলো প্রান্তিক কৃষকরা পাচ্ছেন না বলেও মূল প্রবন্ধে বলা হয়।

“নীতি থাকলেও শাসন কাঠামোর তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না।”

সংলাপে প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বাড়িয়ে ভূমি-মৎস্য-বনজ জনসম্পদে জনসাধারণের ভোগদখলের অধিকার প্রতিষ্ঠার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য ছবি বিশ্বাস, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

অধ্যাপক আকাশ ভূমি আইনের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “ক্ষমতা কাঠামোর দুর্বলতার কারণে ভূমি নিয়ে আইন থাকলেও তা কার্যকর হয় না। কৃষিতে শ্রম ঘাটতি দেখা দিয়েছে। আর এই সুযোগে শহরের শিল্পপতিরা দারিদ্র্য জনগোষ্ঠীকে শোষণ করে যাচ্ছে।” 

কৃষকদের ফসলের ন্যায্যমূল পাওয়া নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের মুনাফা নেওয়ার সুযোগ বন্ধ করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।