ব্যাংকের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামে ব্যাংকারদের মানববন্ধন
ব্যাংক ডাকাতিতে জড়িতদের শাস্তি ও কর্মস্থলে নিরাপত্তা চেয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে সম্মিলিত ব্যাংকার্স ঐক্য পরিষদ।
অব্যাহত ব্যাংক ডাকাতিতে উদ্বিগ্ন শতাধিক ব্যাংকার শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সম্মিলিত ব্যাংকার্স ঐক্য পরিষদের সভাপতি মো. মসরুর হোসেন বলেন, ব্যাংক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। যদি ব্যাংকের নিরাপত্তা দেওয়া না যায় তাহলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।
আশুলিয়ায় কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের ম্যানেজার-কর্মকর্তা-কর্মচারী-গ্রাহক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
মসরুর বলেন, “মেধাবীরা যদি ব্যাংকে কাজ করতে এসে নিরাপত্তা না পেয়ে এভাবে ডাকাতের হাতে বেঘোরে প্রাণ হারায়, তাহলে এখানে কেউ কাজ করতে আসবে না।”
সম্মিলিত ব্যাংকার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আমীর হোসেন বলেন, অব্যাহত ডাকাতি-খুনে ব্যাংকিং ব্যবস্থা আজ দুর্বিষহ অবস্থা পার করছে। এ অবস্থা স্থায়ী হলে দেশের অর্থনীতির জন্য তা ইতিবাচক হবে না।
মানববন্ধনে সংহতি জানান সম্মিলিত আবৃত্তি জোট, বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
শুক্রবার রাতে বন্দর নগরীর মুরাদপুরে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা থেকে খুন হওয়া নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ।
