২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসির নিপীড়কদের গ্রেপ্তার চেয়ে প্রতীকী অনশন

বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় সংগঠিত যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘প্রতীকী অনশন’ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করে তারা।

বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা অনশনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “দেশের নারীদের নিরাপত্তা না দিতে পারাটা সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমরা বিশেষ বিশেষ উৎসবের দিনেও আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারি না।”

তিনি বলেন, “টিএসসির ঘটনার পর প্রায় ২৫ দিন অতিবাহিত হতে চললো, কিন্তু জড়িতদের গ্রেপ্তার করা নিয়ে পুলিশের কোনো তৎপরতা জনগণের চোখে পড়ছে না। ঘটনার সময়ও পুলিশ বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।”

জড়িতদের গ্রেপ্তার করে জনগণের প্রতি পুলিশ বাহিনীর দায়বদ্ধতার পরিচয় দেওয়ার আহ্বান জানান গোলাম কুদ্দুছ।

তিনি জানান, জড়িতদের শাস্তির দাবিতে ১৫ মে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের সাবেক সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সহসভাপতি মান্নান হিরা, ঝুনা চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, সম্পাদক মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, নাদের চৌধুরী, কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, আইটিআইবির সাধারণ সম্পাদক দেব প্রসাদ দেবনাথ, নৃত্য শিল্পী নিগার চৌধুরী প্রমুখ।

অনশন কর্মসূচিতে কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং দলীয় আবৃত্তি পরিবেশন করা হয়।