চট্টগ্রামে কবিগুরুর স্মৃতি সংরক্ষণের দাবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রামে রবীন্দ্রনাথের স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
শুক্রবার সকালে নগরীর জামালখান সড়কের গ্রন্থবিপনী বাতিঘর এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘চট্টগ্রামে রবীন্দ্রনাথ ও অনুষঙ্গ’ শিরোনামের বিশেষ বক্তৃতা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভুঁইয়া ইকবাল।
বক্তব্যে ভুঁইয়া ইকবাল বলেন, বঙ্গীয় সাহিত্য পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর চট্টগ্রামে দু’দিন অবস্থান করেছিলেন। কিন্তু এর কোনো স্মৃতিচিহ্নই এখন আর নেই।
“দেরিতে হলেও বিশ্বকবির স্মৃতি বিজড়িত স্থানসমূহে স্মৃতিফলক স্থাপনের উদ্যোগ নেয়া জরুরি।”
তিনি বলেন, সদরঘাট রোডে তৎকালীন কমলবাবুর থিয়েটার হলে (বর্তমান লায়ন সিনেমা হল) তাকে সংবর্ধনা দেওয়া হয়, যেখানে অন্যান্যের মধ্যে চট্টগ্রামের কবি শশাঙ্কমোহন সেন উপস্থিত ছিলেন।
তার উপস্থিতিতেই লালদীঘির পাড়ের একটি একতলা বাড়িতে (বর্তমানে মিউনিসিপ্যাল পাবলিক লাইব্রেরি) বঙ্গীয় সাহিত্য পরিষদ চট্টগ্রাম শাখার কার্যক্রম পরিচালনা শুরু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান, কবিগুরু ট্রেনে চেপে বটতলী রেলস্টেশনে এসে নেমেছিলেন। বটতলী থেকেই তিনি চলেও গেছেন ট্রেনে করেই।
রবীন্দনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই চারটি জায়গাসহ অন্যান্য স্মারক সংরক্ষণে সিটি করপোরেশরেশনের উদ্যোগে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার আহ্বান তিনি।
অধ্যাপক ভুঁইয়া ইকবাল বলেন, চট্টগ্রামের লোকশিল্প নিয়েও ছিল রবীন্দ্রনাথের বিশেষ আগ্রহ। চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগীয় তৎকালীন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তকে লেখা চিঠিতে লোকশিল্পের কিছু নমুনা সংগ্রহ করে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রামে রবীন্দ্রনাথ বিষয়ে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক আবুল মোমেন, ড. শামসুল হোসাইন ও অধ্যাপক শিমুল বড়ুয়া।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী অমি দেব। স্বাগত বক্তব্য রাখেন বাতিঘরের স্বত্তাধিকারী দীপঙ্কর দাশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন কবি খালিদ আহসান, খালেদ হামিদী, আকতার হোসাইন, পুলক পাল, ফারহানা আনন্দময়ী ও অলক চক্রবর্তী।
সবশেষে অতিথিরা বাতিঘরে আয়োজিত ‘রবীন্দ্ররচিত ও রবীন্দ্রবিষয়ক গ্রন্থ প্রর্দশনী’ ঘুরে দেখেন। এ প্রদর্শনী চলবে ১০ মে পর্যন্ত।
