২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় যুবককে ডেকে নিয়ে হত্যা

রাজধানীর রামপুরায় এক যুবককে তার ‘পূর্বপরিচিতরা’ বাসা থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 09:01 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাথায় গুলিবিদ্ধ মিন্টু মিয়াকে (২২) তার মা নাসিমা বেগম ও ভাই মন্টু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এর কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মাথায় বুলেটের চিহ্ন রয়েছে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মিন্টুর বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ অনেক মামলা রয়েছে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তার ধারণা।

নাসিমা বেগম জানান, দুপুরে শাহ আলম নামের এক পূর্ব পরিচিত ব্যক্তি ওয়াপদা রোড রামপুরার বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার সময় তার ভাই মন্টুকে ফোন করে জানান- রামপুরা কুঞ্জবন পানির পাম্পের পেছনে তার ভাই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিন্টু একসময় পোশাক কারখানায় কাজ করতো।