সুন্দরবনে কার্গোডুবিতে উদ্বেগ সংসদীয় কমিটির
সুন্দরবনে আবার নৌযান ডুবিতে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে কমিটি সারবাহী ওই কার্গোটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে সরকারকে সুপারিশও করেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “সুন্দরবনের ভিতর আবার জাহাজডুবি হল। তিন দিন পেরিয়ে গেলেও এখনও কেন তা উদ্ধার করা হয়নি সেজন্য কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।”
প্রায় পাঁচশ টন এমওপি সার বোঝাই কার্গো ‘এমভি জাভালে নূর’ মঙ্গলবার মরা ভোলা নদীর ডুবোচরে আটকে পড়ে। কার্গোটির মালিকপক্ষ উদ্ধারের চেষ্টা করলে কার্গোটির তলা ফেটে গিয়ে পানিতে ডুবে যায়।
তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নৌযানটি উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার ঘটনাটি তদন্ত ও ক্ষতি নিরূপণের জন্য বাগেরহাট জেলা প্রশাসন একটি এবং বন মন্ত্রণালয় ও সুন্দরবন পূর্ব বিভাগ দুটি কমিটি গঠন করেছে।
এছাড়া এই ঘটনায় পরিবেশগত ক্ষতির আশংকায় সুন্দরবন পূর্ব বিভাগ শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমওপি সারের পটাশিয়াম বিষাক্ত রাসায়নিক। এটি পানিতে মিশে জলজ প্রাণীর ক্ষতি করতে পারে।
তবে, পানিতে মিশে যাওয়ার আগে কার্গো থেকে সার তুলে আনতে পারলে দূষণ এড়ানো যাবে বলে মনে করেন তিনি।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে তিন লাখ লিটার ফার্নেস অয়েলবাহী একটি জাহাজ ডুবে যায়। এতে ব্যাপক পরিবেশ দূষণের আশঙ্কা করেন পরিবেশবিদরা।
এদিকে তেলবাহী জাহাজের পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য কোন ধরণের পদ্ধতি গ্রহণ করা উচিত, তা নির্ধারণের জন্য সংসদীয় কমিটির আগামী বৈঠকে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়কে বলা হয়েছে।
এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “শেলা নদীতে তেলবাহী জাহাজ ডুবির পর বিষয়টি আলোচনার পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়েছে।”
হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান ও মজিবুর রহমান চৌধুরী অংশ নেন।
